বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকুরি নেয়ার অভিযোগে বেনাপোল কাষ্টম হাউসের সহকারী কমিশনার মঈনুল ইসলাম (বর্তমান সাময়িক বরখাস্ত) এর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক খোন্দকার খলিলুর রহমান জানান শিগগিরই আদালতে মামলাটির চার্জশিট দাখিল করা হবে।
দুদক সুত্র জানান, বেনাপোল কাষ্টম হাউসের সাবেক সহকারী কমিশনার মঈনুল ইসলাম মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি নিয়েছেন। দুদকের অনুসন্ধানে তার বাবার মুক্তিযোদ্ধা সনদটি ভুয়া প্রমানিত হওয়ায় সন্তান মঈনুল ইসলামের বিরুদ্ধে চলতি বছরের ২১ এপ্রিল দুদকের উপ-পরিচালক এস এম গোলাম মাওলা বাদী হয়ে ঢাকার শাহাবাগ থানায় একটি মামলা করেন। মামলায় পরবর্তী তদন্তে অভিযোগটি প্রমানিত হওয়ায় চার্জশিটের অনুমোদন দেন কমিশন। এ ঘটনায় বেনাপোল কাষ্টম হাউস পাড়ায় মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি প্রাপ্তরাসহ প্রমোশন প্রাপ্ত কর্মকর্তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।