এডেন হ্যাজার্ডের পেনাল্টি মিসের খেসারত দিতে হলো চেলসিকে। গতকাল লিগ কাপে ব্রিটানিয়া স্টেডিয়ামে স্টোক সিটির কাছে টাই ব্রেকারে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। চেলসির বিদায়ের দিনে আর্সেনালও জিততে পারেনি। দ্বিতীয় সারির দল শেফিল্ডের কাছে ৩-০ গোলের নতি স্বীকার করতে হয়েছে গানার্সদের।
আইরিশ মিডফিল্ডার জন ওয়ল্টারের ৫২ মিনিটে দুর্দান্ত শটে স্টোক সিটি এগিয়ে গিয়েছিল। তবে ইনজুরি আক্রান্ত দিয়েগো কস্তার স্থানে খেলতে নামা লোইক রেমি ইনজুরি টাইমে গোল পরিশোধ করলে স্বস্তি ফিরে আসে চেলসি শিবিরে। অতিরিক্ত সময় কোন দলই আর কোন গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাই ব্রেকারে। নয়টি পেনাল্টি শট ভালভাবেই জালে জড়ালে কোন দলই আত্মবিশ্বাস পাচ্ছিল না। কিন্তু ফর্মহীনতায় ভুগতে থাকা হ্যাজার্ডের ১০ম শটটি আটকে দিয়ে স্টোক গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড চেলসিকে মৌসুমের নবম হারের লজ্জায় ডুবিয়েছেন। সাথে সাথে লীগ কাপ থেকে ব্লুজদের বিদায় ঘণ্টাও বেজে গেছে।
IMG0
এদিকে হিলসবোরোতে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা ম্যাচে শুধু পরাজিতই হয়নি, তারকা দুই মিডফিল্ডার এ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন ও থিও ওয়ালকটকে প্রথমার্ধেই হারিয়ে দারুন দুশ্চিন্তায় পড়েছে। ২৭ মিনিটে রস ওয়াল্যাস ওয়েডনেসডেকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে লুকাস হুয়াও স্বাগতিকদের ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে স্যাম হাচিনসন দলের জয় নিশ্চিত করেন। লীগ কাপে এখন পর্যন্ত শিরোপার স্বাদ না পাওয়া গানার্স বস ওয়েঙ্গার শনিবার এভারটনের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচটি থেকে আটটি পরিবর্তন করে কাল মূল দল সাজিয়েছিলেন। তবে এজন্য ম্যাচ শেষে তাকে সমালোচনাও শুনতে হয়েছে। তবে ওয়েঙ্গার স্বীকার করেছেন দলের তরুনদের উপর তিনি একটু বেশীই আস্থা রেখে ফেলেছিলেন। কিন্তু এই পর্যায়ের খেলার জন্য তারা কেউই এখনো প্রস্তুত নয়। ইনজুরি আক্রান্ত অক্সলেড-চেম্বারলেইনের পরিবর্তে মাঠে নামা ওয়ালকটও ১৮ মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করলে ওয়েঙ্গারের জন্য দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়ায়। বাসস।