মিরপুর টেস্টের জয়ের দুই নায়ক তারা। এবার আইসিসির সদ্য প্রকাশিত র্যাংকিংও বললো সেই কথা। টেস্টে নিজেদের সেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। বড় উত্থান হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলামেরও।
ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পাওয়া মুশফিকুর রহিম ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ ধাপ এগিয়ে এসেছেন। তাঁর অবস্থান এখন ১৮-তে। এর আগে গত বছর জুলাইয়ে তিনি ২১-এ উঠেছিলেন। এবার আগের সেই কীর্তিকে ছাড়িয়ে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
মিরপুর টেস্টে আট বছরের অপেক্ষার পর সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসে ৩৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ছিলেন ১০১ রান করে। ৭৪ নম্বর থেকে এক লাফে ৫৭তে চলে এসেছেন মাহমুদউল্লাহ। মিরপুরে পর পর দুই ইনিংসে সেঞ্চুরি করা জিম্বাবুয়ে ব্রেন্ডন টেলর ১৮ ধাপ এগিয়ে চলে এসেছেন ২৭ নম্বরে।
ডান হাতি স্পিনার মিরাজ দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে নিয়েছেন আট উইকেট। এর মধ্যে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছেন পাঁচ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে উঠেছেন ২৮ নম্বরে।
মিরাজের ঠিক ওপরেই আছেন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টে এই বাঁহাতি স্পিনার দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন সাত উইকেট। তিন ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তিনি। যদিও তাইজুলের এটি সেরা র্যাংকিং নয়। ২০১৫ সালের মে মাসে উঠেছিলেন ২৬ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন এই সিরিজ না খেলা সাকিব আল হাসান। তার চেয়ে তিন রেটিং পয়েন্ট পেছনে থেকে দুইয়ে আছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।
যদিও, র্যাংকিয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে এই টেস্টে বাংলাদেশের কোনো অর্জন নেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে বাংলাদেশ দল হারিয়েছে ছয় রেটিং পয়েন্ট। ৬১ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক-মাহমুদউল্লাহদের অবস্থান ৯ নম্বরে। শীর্ষে আছে ভারত, রেটিং পয়েন্ট ১১৬। ১০৬ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা, এক পয়েন্ট কম নিয়ে তিনে ইংল্যান্ড, ১০২ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড, সমান পয়েন্ট নিয়ে পাঁচে অস্ট্রেলিয়া, ৯৭ পয়েন্ট নিয়ে ছয়ে শ্রীলঙ্কা, ৯৫ পয়েন্ট নিয়ে সাতে পাকিস্তান, আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৬, ৯ বাংলাদেশ আর ১০ থাকা জিম্বাবুয়ে ১১ রেটিং পয়েন্ট যোগ করে অর্জন করেছে ১৩ পয়েন্ট। ১১ এবং ১২ নম্বরে থাকা টেস্ট পরিবারের নতুন সদস্য আফগানিস্তান-আয়ারল্যান্ডের কোনো পয়েন্ট যোগ হয়নি।
মিরপুরে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড আর আবুধাবিতে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। মিরপুর টেস্টে জিতে বাংলাদেশ সিরিজে সমতা আনে, পাল্লেকেলে টেস্ট জিতে ইংলিশরা ১৭ বছর পর লঙ্কান মাটিতে সিরিজ জেতে আর আবুধাবিতে পাকিস্তানকে রোমাঞ্চ ছড়িয়ে কিউইরা হারায় চার রানের ব্যবধানে, তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে লিড নেয় নিউজিল্যান্ড। এর সুবাদেই র্যাংকিংয়ে পরিবর্তন এসেছে।