জিম্বাবুয়ের বিপক্ষের একদিনের সিরিজকে সামনে রেখে মাশরাফিকে অধিনায়ক করে আজ ১৮ সদস্যর প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ কামরুল ইসলাম রাব্বি এছাড়া দীর্ঘ দিন পর ব্যাটসম্যান ইমরুল কায়েস, এনামুল হকের সাথে দলে জায়গা পেয়েছেন দুই পেসার আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম ।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে থাকছেন না পেসার রুবেল হোসেন। এছাড়া নিয়মিত দলের সবাই প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টির জন্য ঘোষিত এই দলে মমিনুল হককে অন্তর্ভুক্ত করা হয়নি। আগামী মাসের ২ তারিখে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৭ তারিখ প্রথম ওয়ানডে ম্যাচে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ৯ ও ১১ তারিখ হবে বাকি দুটি ওয়ানডে। তিনটি ওয়ানডেই দিবারাত্রির। টি টোয়েন্টি ম্যাচ দুটি হবে যথাক্রমে ১৩ ও ১৫ তারিখ। জিম্বাবুয়ে সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এই মিরপুরের মাঠে।
বাংলাদেশ স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।