বাগেরহাটে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারী এলাকার শ্যালা নদীর পাড়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু শিপন বাহিনীর প্রধান শিপন (৩২) নিহত হয়েছে। বুধবার সকালে সুন্দরবনের গহীন অরণ্যে এই বন্দুকযুদ্ধের পর র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে বনদস্যুদের ব্যবহূত দেশি-বিদেশি ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৮৬ গুলি ও ৪৩ গুলির খোসাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে।
র্যাব-৮-এর অপরেশন অফিসার মেজর আদনান জানান, বুধবার ভোরে বাগেরহাট জেলাধীন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারী এলাকার শ্যালা নদীর পাড়ে বনদস্যু শিপন তার সহযোগীদের নিয়ে জেলেবহরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। বনদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে বনদস্যুরা গুলি ছোঁড়া বন্ধ করে গহীন অরণ্যে পালিয়ে যায়। র্যাব ঘটনাস্থলে এক বনদস্যুর লাশ পড়ে থাকতে দেখে। জেলেরা লাশটি বনদস্যু বাহিনী প্রধান শিপনের বলে শনাক্ত করে। ঘটনাস্থলে বনদস্যুদের ব্যবহূত দেশি-বিদেশি ৭টি একনলা বন্দুক, ২টি দোনলা বন্দুক, ৫টি ওয়ান শুটার গান, ২টি কাটা রাইফেল, ২টি টু-টু-বোর রাইফেল, ২৮৬ গুলি, ৪৩ গুলির খোসা, ধারালো অস্ত্র, একাধিক মেবাইল ফোন, সিম কার্ড ও জেলে-বনজীবীদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহূত টোকেনসহ বনদস্যুদের বিভিন্ন মালামাল উদ্ধার করে র্যাব। মেজর আদনান আরও জানান, নিহত বনদস্যু শিপনের লাশ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মালামাল দুপুরে মংলা থানায় সোপর্দ করা হয়েছে।