জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাঁকজমকপূর্ণভাবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। নবীন-প্রবীণ সদস্যদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা প্রেস ক্লাব প্রাঙ্গন। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
এর মধ্যে সকালে মিনি ম্যারাথন দৌড়সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। 
 
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেক কেটে ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। কেক কাটার সময় মঞ্চে  উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, বর্তমান সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, প্রবীণ সদস্য হাসান শাহরিয়ার, গোলাম সারওয়ার, স্বপন সাহা, মঞ্জুরুল আহসান বুলবুল, ইলিয়ান খান, কোষাধ্যক্ষ আশরাফ আলী, কার্তিক চ্যাটাজি, হাসান আরেফিন ও শাসমুল হক দুররানী প্রমুখ। রীতি অনুসারে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্ত্রীরা সেখানে উপস্থিত থাকেন। চট্টগ্রামের মেয়র আ জ ম নাসিরও মঞ্চে উপস্থিত ছিলেন।
 
কেক কাটার পরে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। এতে গান ও নৃত্য পরিবেশন করেন, রেজওয়ানা চৌধুরী বন্য, ফেরদৌস আরা, বাপ্পা মজুমদার, কুনালসহ আমন্ত্রিত শিল্পীরা।
 
এরপর শুরু হয় নৈশভোজ ও চসিক মেয়রের আয়োজনে মেজবান। প্রায় ২ হাজারের মতো আমন্ত্রিত অতিথি এতে অংশ নেন। সব শেষে র‌্যাফেল ড্র’য়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।