আবারও পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের দিন আবারও পেছাল। বৃহস্পতিবার সব আসামি ও তাদের নিযুক্ত কৌঁসুলি আদালতে উপস্থিত না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ ও ৫ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান।
 
এর আগে বুধবার সব আসামি ও তাদের নিযুক্ত কৌঁসুলি আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
 
আদালতের পিপি এ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সব আসামি ও তাদের নিযুক্ত কৌঁসুলি আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।