পাবনার ঈশ্বরদী উপজেলায় ধর্মযাজক লুক সরকারকে গলা কেটে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার জেএমবি পাবনার আঞ্চলিক কমান্ডার রাকিবুল ইসলাম ওরফে রাকিব ওরফে তাওহিদ ওরফে রাজন ওরফে রফিককে (২১) পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রসঙ্গত, বুধবার দুপুরে রাকিবুলকে সদর উপজেলার মজিদপুর এলাকার নিজ বাড়ি থেকে পরিবারের সহায়তায় গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, বৃহস্পতিবার দুপুরে রাকিবুলকে পাবনা আমলি আদালত-২ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরো জানান, রাকিবুল এ ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি এ মামলার প্রধান আসামি।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সকালে তিন যুবক মোটরসাইকেলে করে ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারের ভাড়া বাসায় যায়। এ সময় ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে ঘরের ভিতর ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে তারা। এরপর পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।