সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রবাসীর টাকা ছিনতাইকালে জনতার গনধোলাইয়ে এক ছিনতাইকারী নিহত হয়েছে। অপর ছিনতাইকারীকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার দুইটার দিকে উপজেলার বুধবারীবাজার ইউপির বহরগ্রাম ফেরীঘাটের কাছে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের ও আহতের পরিচয় পাওয়া যায়নি।
থানা সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে বহরগ্রামের মৃত হাজী সরফ উদ্দিনের ছেলে লন্ডন প্রবাসী আফরোজ মিয়া বিয়ানীবাজার উপজেলার আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা উত্তোলন করে চাচাত ভাইকে সঙ্গে করে একটি সিএনজি অটোরিকশায় করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বিয়ানীবাজারের মাথিউরা ইউপির মাথিউরা পশ্চিমপাড়া লম্বা পুলের কাছে আসা মাত্র চারটি মোটরসাইকেল করে আসা আট ছিনতাইকারী অটোরিকশাটির গতিরোধ করে ওই প্রবাসীর গলায় ধারাল ছুরি ধরে। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে আট ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয় ছিনতাইকারি পালিয়ে যায়। তবে দুই ছিনতাইকারী জনতার হাতে আটক হয়ে বেদম মারপিটের শিকার হন। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।