নরসিংদীতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট উদ্বোধন

নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল পাড়াতলী গ্রামে বৃহস্পতিবার ১৪১ কিলোওয়াট পাওয়ারের একটি মিনিগ্রিড প্ল্যান্ট প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। 
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইডকল এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী মাহমুদ মালিক, কেএফডাবলিউ এর কান্ট্রি ডিরেক্টর ডেভিড কুনজ, কেএফডাবলিউ এর সিনিয়র সেক্টর স্পেশালিস্ট এনার্জি তাজমিলুর রহমান, ইডকল এর সিএফও এবং হেড অব অপারেশন এসএম মনিরুল ইসলাম, হেড অব রিনিউয়েবল এনার্জি এনামুল করিম পাবেল, করর্পোরেট অ্যাফেয়ারস ইউনিট হেড নাজমুল হক ফয়সাল, ইউনিট হেড ইনভেস্টমেন্ট ফারজানা রহমান, সৌরবাংলা লিমিটেডের পরিচালক সাব্বির চৌধুরী, রায়পুরা উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, পাড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান প্রমুখ। 
 
উদ্বোধনী ভাষণে ড. থমাস বলেন, আমি এই এলাকায় দ্বিতীয়বারের মতো আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই বিদ্যুৎ প্ল্যান্টের মাধ্যমে এই এলাকার মানুষ উপকৃত হবে বলে মনে করি। 
 
তিনি আরো বলেন, জার্মানির তুলনায় বাংলাদেশে সূর্যের আলো অনেক বেশি এবং এই সূর্যের আলো কাজে লাগিয়ে আগামী ২০৫০ সালের মধ্যে এদেশের অর্ধেক লোক সৌরবিদ্যুতের সুবিধা নিতে পারবে।
 
তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৮ লাখ মানুষ ইতোমধ্যে সৌরবিদ্যুতের সুবিধা পাচ্ছে যেখানে জার্মান দেশ সহযোগিতা করে আসছে।
 
উদ্বোধনী বক্তব্যের আগে ড. থমাস এবং তার সফরসঙ্গীরা এই প্রজেক্ট এলাকার বিভিন্ন দিক পরিদর্শন করেন।
 
সৌরবাংলা লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, নরসিংদীর রায়পুরা এলাকার প্রায় ছয় শতাধিক পরিবার এই প্রজেক্টের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এছাড়া, বাংলাদেশে ইতোমধ্যে অনুরূপ ১৬টি মিনিগ্রিড প্রকল্পে অর্থায়ন করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং ২০১৮ সাল নাগাদ আরও ৫০ টি মিনিগ্রিড চালুর পরিকল্পনা রয়েছে। 
ওই এলাকার অবহেলিত মানুষরা সহজেই বিদ্যুৎ সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে এবং ছয় শতাধিক পরিবার এরমধ্যে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।