রাজধানীতে রিয়াদ হত্যা: গ্রেফতার কর্মচারী ৭ দিনের রিমান্ডে

রাজধানীর মতিঝিলের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আরিফুল ইসলাম ওরফে সোহেলের ভাই রাসেল এবার মুঠোফোনে রিয়াদের বড় ভাই রিপনকে হত্যার হুমকি দিয়েছেন। শুক্রবার দুপুরে বেসরকারি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে রিপন এ তথ্য জানান।
 
রিপন জানান, বৃহস্পতিবার দুপুরে রাসেল মুঠোফোনে এ ঘটনার সমাধানের কথা বলে তাকে ঢাকায় যেতে বলেন। অন্যথায় তাকেও রিয়াদের মত হত্যা করা হবে বলে রাসেল হুমকি দেন। ঘটনাটি তাৎক্ষণিক ওয়ারী থানার ইন্সপেক্টর আলিম হোসেন সিকদারকে জানানো হয়।
 
এ দিকে রিয়াদ হত্যা মামলায় গ্রেফতার আসামি হোটেলের কর্মচারী জসিম উদ্দিনকে সাতদিনের রিমান্ডে নিয়েছে ওয়ারি থানা পুলিশ।   
 
উল্লেখ্য, একটি মুঠোফোন ও দেড় হাজার টাকা চুরির অভিযোগে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আরিফুল ইসলামসহ চারজন মঙ্গলবার রাতে স্বামীবাগে অবস্থিত হোটেল কর্মচারীদের মেসে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করেন। পরে আরিফুল এ ঘটনাকে ছিনতাইয়ের ঘটনা হিসেবে সাজিয়ে রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে রাত দেড়টায় রিয়াদ মারা যান।
এ ঘটনায় রিয়াদের ভাই রিপন বাদী হয়ে আরিফুলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারী থানায় হত্যা মামলা করেন।