চোরাচালানীদের উপর বিজিবির গুলি, চা পাতা-পটকাবাজি জব্দ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে চোরাচালানীদের হামলা প্রতিহত করতে দুই রাউন্ড গুলি বর্ষণ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিজিবি ভারতীয় নয় বস্তা চা পাতা ও এক বস্তা পটকাবাজি জব্দ করেছে।
 
শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তের বারপোতা মাঠে এ ঘটনা ঘটে। 
 
যশোর ২৬ বিজিবি’র বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার গিয়াস উদ্দিন জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ১৫/২০ জনের একটি চোরাচালানী দল পণ্য নিয়ে ঘটনাস্থল দিয়ে যাওয়ার পথে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এ সময় চোরাচালানীরা পাল্টা বিজিবি সদস্যদের ওপর ইটপাটকেল ও পাথর ছুড়ে হামলা করার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে এ সময় বিজিবি পর পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে নয় বস্তা ভারতীয় চা পাতা ও এক বস্তা পটকাবাজি জব্দ করে ক্যাস্পে নিয়ে আসে।
 
ক্যাম্প কমান্ডার গিয়াস উদ্দিন আরো জানান, বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে।