অপহৃত স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ২

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অপহৃত হওয়ার এক মাস পর স্কুলছাত্রীকে (১৫) চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত উপজেলার কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ শাহাপুর গ্রামের সালা উদ্দিন প্রকাশ লিটন (২৫) ও তার ভাই মহিন উদ্দিন (৩২) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে।
 
শনিবার দুপুরে চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুর গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ওই শিক্ষার্থী সেনবাগের দক্ষিণ শাহাপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে ও মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (১৫)।
 
পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। এ সময় একই এলাকার রহমত উল্যাহ সওদার বাড়ির সালাউদ্দিন প্রকাশ লিটন জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর  অপহৃতের পিতা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন।
 
ওই ছাত্রীর অভিযোগ, অপহরণকারীরা ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন চালায়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।