ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাপের কামড়ে সুকুমার ঘোষ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিংহড়া গ্রামের মৃত গোরাঙ্গ ঘোষের ছেলে।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সুকুমার উপজেলার সিংহড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ঝোপের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ডান পায়ে সাপ কামড় দিলে তাৎক্ষণিক তাকে স্থানীয় এক ওঁঝার কাছে নিয়ে যান স্বজনরা। মধ্য রাতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।’