রাজধানীতে আজ রবিবার (১ নভেম্বর) থেকে সিএনজি চালিত অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হচ্ছে। তবে চট্টগ্রামে এ নতুন ভাড়া কার্যকর হবে আগামী ১ জানুয়ারি থেকে। এর ফলে প্রথম দুই কিলোমিটারের জন্য ৪০ টাকা, এরপর প্রতি কিলোমিটারের জন্য ১২ টাকা এবং বিরতির জন্য প্রতি মিনিটে ২ টাকা দিতে হবে।
সূত্র জানিয়েছে, নতুন ভাড়া অনুযায়ী রাজধানীতে চলাচলকারী সকল সিএনজি অটোরিকশায় নতুন মিটার সংযোজনের কথা থাকলেও তা হয়নি। রাজধানীতে ১৩ হাজার সিএনজি অটোরিকশার মধ্যে মাত্র ৬ হাজারের মিটার সংযোজন হয়েছে।
নতুন ভাড়া কার্যকর করার সাথে সাথে মিটার অনুযায়ী ভাড়া নেয়া বাধ্যতামূলক করেছে সরকার। মিটারের পরিবর্তে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীর চাহিদা অনুযায়ী যে কোনো স্থানে যাওয়ার নিয়ম লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।