দীপনের মাথার পেছনে বড় তিনটি আঘাত: চিকিৎসক

 
জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনের ঘাড়ে তিনটি বড় আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার সকালে দীপনের লাশের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কাজী মোহাম্মদ আবু সামা এই তথ্য জানান।
 
আবু সামা বলেন, দীপনের মাথার পেছনে ঘাড়ে তিনটি কোপের চিহ্ন রয়েছে। এর একটি ১১ ইঞ্চি দীর্ঘ ও চার ইঞ্চি গভীর। মাথার সামনে আরেকটি আঘাতের ক্ষত রয়েছে।
 
তিনি বলেন, দীপনকে উপুড় করে ভারি ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপানো হয়েছে বলে মনে হচ্ছে। এমন আঘাতের পর পাঁচ মিনিটের বেশি বেঁচে থাকার কথা নয়। হত্যাকাণ্ডে ভারি ও ধারালো অস্ত্রের ব্যবহার করা হয়েছে বলে জানা তিনি।
 
শনিবার বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
দীপনের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হবে। বিকালে আজিমপুর কবরস্থানে দীপনকে দাফন করা হবে।