নারী ফুটবলারদের পাশে ঢাকা ব্যাংক

আবারো নারী ফুটবলারদের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা ব্যাংক। বেসরকারি এই ব্যাংকটি আগেও ছিল, এবার তারা একটু দীর্ঘ সময়ের জন্য বাফুফের সঙ্গে চুক্তি করেছে। তবে চুক্তির অংক জানানো হয়নি কোনো পক্ষেরই। 

এই চুক্তির ফলে আগামী ৬ বছর ঢাকা ব্যাংক নারী ফুটবলে আর্থিক সহায়তা দেবে। গতকাল দুপুরে বাফুফে ভবনে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ঢাকা ব্যাংক এবং বাফুফে। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান, পরিচালক আলতাফ হোসেন সরকার, এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানসহ বাফুফের অন্যান্য কর্মকর্তা।

দীর্ঘ মেয়াদি স্পন্সর পেয়ে নারী ফুটবল দলও খুশি। কারণ ব্যাংকটি এই সময়ে নারী ফুটবলের সবগুলো বয়সভিত্তিক ও জাতীয় দলের পৃষ্ঠপোষকতা করবে। বাফুফে জানিয়েছে- তারা ফুটবল দলে থাকা মেয়েদের বেতনের আওতায় আনবে। মাসে বেতন দেওয়া হলে সেটা তাদের পরিবারে কাজে আসবে। যদিও বেতনের পরিমাণ জানানো হয়নি। তবে বিভিন্ন ক্যাটাগরিতে বেতন হবে বলে জানানো হয়।

বাফুফে সভাপতি সালাহউদ্দিন এ ব্যাপারে বলেন, ‘আগামী জানুয়ারি হতে প্রতি মাসে বেতন দেওয়া হবে। তাদের লেখাপড়ার জন্য বর্তমানে তিন বিষয়ে শিক্ষক আছেন। লম্বা সময়ের জন্য স্পন্সর পাওয়ায় এখন আমরা শিক্ষক আরো বাড়াতে পারবো। ঢাকা ব্যাংক যে টাকা আমাদের দিচ্ছে সেটি প্রধানত খরচ হবে মেয়েদের বেতন, শিক্ষা, পোশাক ও খাদ্যে।’

চুক্তি কত টাকার এবং মেয়েদের প্রতিমাসে কত টাকা করে বেতন দেওয়া হবে জানতে চাওয়া হলে বাফুফে সভাপতি শুধু বলেছেন, ‘বিভিন্ন ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে। এই মেয়েদের মধ্যে থেকে কেউ হয়তো বাদ পড়বে আবার নতুন ঢুকবে।’

বর্তমানে বাফুফে ভবনের ফুটবল ক্যাম্পে ৪৫ ফুটবলার রয়েছেন। মেয়েদের ফুটবল পারফরম্যান্সে খুশি ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান বলেন, ‘নারী ফুটবলাররা দেশের জন্য গৌরব বয়ে আনছে। আগামীতে আরো বড় জায়গা থেকে সম্মান বয়ে আনবে। ঢাকা ব্যাংক ফুটবলের সঙ্গে আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।’