উল্লাপাড়ায় সংখ্যালঘুর বাড়িতে হামলা

উল্লাপাড়ায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় পল­ব দাস নামের এক সংখ্যালঘুর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়ি-ঘর ভাংচুর এবং ঘর থেকে ৩ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৮০হাজার টাকা লুট করে নিয়ে যায়। শনিবার দিবাগত রাতে চরমোহনপুর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 
এই ঘটনায় পল­বের পরিবারের অনিতা দাস, ঝুমুরি দাস ও অজিত দাস নামের ৩ ব্যক্তি আহত হয়েছেন। এদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল­ব দাস লাহিড়ীমোহনপুর ইউনিয়নের একজন গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 
পল­ব দাস অভিযোগ করেন, একই গ্রামের জামান হোসেনের ছেলে মোহন বেশ কিছু দিন ধরে পল­বের স্ত্রী কাজলী দাসকে রাস্তাঘাটে কটুক্তি করতেন। পল­ব মোহনের বাবার কাছে এর প্রতিবাদ করায় মোহন ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে শনিবার রাতে পল­ব দাসের বাড়িতে হামলা চালায়। 
 
উল্লাপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে উল্লাপাড়ার থানায় মামলা করা হয়েছে।