‘হামলায় আনসারুল্লা বাংলা টিম জড়িত থাকতে পারে’

 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে প্রকাশকের ওপর হামলার ঘটনায় আনসারুল্লা বাংলা টিম জড়িত থাকতে পারে।
 
রবিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
 
মনিরুল ইসলাম বলেন, হামলার ধরনের ব্যাপারে ডিবির এই যুগ্ম কমিশনার বলেন, এগুলো টার্গেট কিলিং ও হামলার ঘটনা। হামলার ধরন একই, একই সময়ে ঘটানো হয়েছে। হামলাকারীরা একই স্থান থেকে প্রশিক্ষিত হয়েছে। তবে, তারা পেশাদার নয়।
 
তিনি বলেন, লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয় থেকে পিস্তলের দুটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সেগুলো দেশীয় পিস্তলের গুলি। হামলাকারীরা পেশাদার হলে গুলি চালানোর সময় তাজা গুলি পড়ে থাকার কথা নয়।
 
শনিবার রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজন আহত হন। প্রায় একই সময়ে শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।