কাল নাটোরে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার রায়

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা ফজলার রহমান ফনু (৫৯) হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।
 
সোমবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হবে।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৮ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফনু উপজেলা সদরের সমন্বয় সভা শেষে মোটরসাইকেলে করে উপজেলার সাঐল গ্রাম হয়ে কলম ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। গ্রামের শাহপাড়া এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে প্রতিপক্ষ করিম ও অনুগামী লোকলস্কর তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে গেলে তাকে কুপিয়ে মারাত্বক আহত করা হয়। মোটরসাইকেল চালক তার আপন ভাতিজা জাহিদুল ইসলামও (২৫) এ সময়  আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যান ফনুকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিকসহ আওয়ামী লীগ ও বিএনপির ১৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করে নিহতের ছোট ভাই। গত বছরের ১০ নভেম্বর মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।