কলঙ্কিত পেসার মোহাম্মদ আমিরের পুনর্বাসন পদক্ষেপ নিতে বাধার সম্মুখীন হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই তার সঙ্গে একই ড্রেসিং রুম ব্যবহারের বিরুদ্ধে।
বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে- ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলতে দেশ ত্যাগের আগ মুহূর্তে অধিনায়ক মিসবাহ উল হক এবং মোহাম্মদ হাফিজ সহ দলের সিনিয়র খেলোয়াড়রা আমিরের ব্যবহার সম্পর্কে বোর্ডের কাছে অভিযোগ করেছেন সূত্রটি জানায়, সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে অনুশীলনের সময় বহুবার মিসবাহর সঙ্গে দেখা হয়েছে আমিরের। কিন্তু আমির একবারও তার সঙ্গে কথা না বলায় আপসেট হয়েছেন মিসবাহ। অপর একটি ঘটনা হলো ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচ মোহাম্মদ আকরাম নেটে পাকিস্তানী খেলোয়াড়দের বিপক্ষে আমিরকে বোলিং করতে বলেছিলেন। কিন্তু কলঙ্কিত কোন খেলোয়াড়ের সঙ্গে খেলবেনা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন হাফিজ।
তিনি বলেন, এমনকি জাতীয় টি- টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদিও আমির এবং কলঙ্কিত অপর দুই খেলোয়াড় মোহাম্মদ আসিফ ও সালমান বাটকে দলে ফেরানোর বিষয়ে বোর্ডকে নিজের ভাবনা সম্পর্কে পরিষ্কার করেছেন। সূত্রটি আরো জানায়, নির্দিষ্ট করে আমির এবং আসিফের ব্যবহারের প্রাথমিক রিপোর্টও খুব ভাল নয় এবং পিসিবি শঙ্কিত তিনি বলেন, ঘরোয়া ম্যাচে আমিরের ব্যবহার সম্পর্কে পিসিবি কিছু খারাপ মন্তব্য পেয়েছে। সম্প্রতি ঘরোয়া একটি ম্যাচে আমিরকে তার ম্যাচ ফি’র ১৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তরুণ এ পেসার তার ব্যবহারের পরিবর্তন না করা পর্যন্ত তকে দলে ফেরানো হবেনা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। বাসস।