ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই

কুমিল্লার লাকসাম উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
 
শনিবার দিবাগত রাত ১০টায় লাকসাম দক্ষিণ বাইপাস গরুবাজার সংলগ্ন সওজ অফিসের সামনে এ ঘটনা ঘটে। রবিবার বিকেলে এ ঘটনায়  মামলা হয়েছে।
 
জানা গেছে, ওইদিন রাত ১০টার দিকে লিটন এন্টার প্রাইজের মালিক লিটন চন্দ্র সাহা ও ম্যানেজার কানু সাহা প্রতিষ্ঠানের সাত লাখ ৬১ হাজার ২৫০ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনে পৌঁছালে মাইক্রোবাসে করে আসা কয়েকজন মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হ্যান্ডকাফ বের করে মোটরসাইকেল আরোহীদের গ্রেফতারের ভয় দেখিয়ে তাদের টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মাইক্রোবাসে রাখে।  ব্যবসায়ী লিটন ও ম্যানেজার কানুর চিৎকারে এ সময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে টাকার ব্যাগ নিয়ে মাইক্রোবাসটি দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় একটি হ্যান্ডকাপ সড়কে পড়ে থাকে।
 
এ ঘটনায় রবিবার বিকেলে লিটন চন্দ্র সাহা লাকসাম থানায় অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করে মামলা করেন। এ সময় বাদী ওই হ্যান্ডকাপটি থানায় জমা দেন।
 
লাকসাম থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, সংঘবদ্ধ কোনো চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। লুন্ঠিত টাকা উদ্ধার ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।