আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আক্ষেপ ও দুঃখবোধ থেকে যে কথা বলেছেন, তাতে আমরা সত্যিকার অর্থেই মর্মাহত। আমরা প্রকাশক ব্লগার হত্যাকারীদের দ্রুত বিচার করে বিচারের ওপর তাঁর আস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো।
সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, চলতি মাসের মধ্যেই ব্লগার রাজীব হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। এ পর্যন্ত যতজন ব্লগার নিহত হয়েছেন সেই প্রত্যেকটি হত্যার ঘটনার অভিযোগপত্র দাখিলের পর মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় এ জন্য আইন মন্ত্রণালয়ে সর্বাত্মকভাবে কাজ করছে।
জেলহত্যা ও বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দুই মামলার পাঁচজন আসামি বিদেশে পলাতক রয়েছেন। এঁদের মধ্যে দুজনের অবস্থান আমরা শনাক্ত করতে পেরেছি। নূর চৌধুরী আছেন কানাডায় এবং রাশেদ চৌধুরী আছেন আমেরিকায়। আমরা ওই দুই দেশের সরকারের সঙ্গে তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। কানাডার নতুন সরকারের সঙ্গে নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা শুরু করা হবে বলেও জানান তিনি।