নাটোরে ঢাকাগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন ও পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর রাজধানী পূর্ব ও দক্ষিনাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার দিনগত রাত সোয়া ১ টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি হুগোল বাড়িয়া রেল ক্রসিং পার হওয়ার সময় পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রেল ক্রসিংয়ের গেট খোলা ছিল না। ফলে দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য বগুড়ার সান্তাহার জংশন থেকে আগত রিলিফ ট্রেন লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ করছে বলে নাটোর রেল স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান।