ফেনীতে অগ্নিদগ্ধ ভূমি কর্মকর্তার মৃত্যু

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত মালপত্র পুড়িয়ে ধ্বংসকালে অগ্নিদগ্ধ ফাজিলপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. সামছুল আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রাসেলুল কাদের জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
জেলা সদর উপজেলা ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে সদর উপজেলার ফাজিলপুর এলাকায় মুহুরী ব্রিজ সংলগ্ন স্থানে মুহুরী নদী থেকে কিছু লোক অবৈধভাবে ড্রেজার ও পাইপ দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এ সংবাদে বৃহস্পতিবার জেলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রাসেলুল কাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কার্যালয় সহায়ক (এমএলএসএস), পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত নদী থেকে ড্রেজার মেশিনগুলো সরিয়ে নেয়। পরে প্রায় ছয় শ ফুট পিভিসি পাইপ জব্দ করে সেগুলি ভ্রাম্যমাণ আদালত পেট্রোল ঢেলে পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন। এ সময় জব্দকৃত পাইপগুলোতে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।  ফাজিলপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. সামছুল আলম ও ভূমি কার্যালয়ের সহায়ক (এমএলএসএস) তপন চন্দ্র দাস পাশে দাঁড়ানো ছিল। ওইসব পাইপে আগুন ধরানো মাত্র তা বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে তারা দুইজন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।