খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাসকে কেসিসির ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার বিকালে সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মেয়র মনির বিরুদ্ধে ফৌজদারি আইনে দুইটি মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।
এদিকে, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরজ্জামান মনিকে অসত্য তথ্য দিয়ে সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ জানান, বরখাস্ত হওয়ার পর গত সোমবার মেয়র মো. মনিরুজ্জামান মনির ব্যক্তিগত নথির ২৯ নম্বর অনুচ্ছেদে মেয়র উল্লেখ করেন, ‘আমার অনুপস্থিতকালীন সময়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ১২ (২) উপ-ধারা (১) অনুযায়ী মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাসকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার অর্পণ করলাম।’ এর মাধ্যমে প্যানেল মেয়র-১ কেই দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে আনিসুর রহমান বিশ্বাস আনিস জানান, তিনি দুপুর একটার দিকে খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণের পর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মেয়রের কক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
আনিসুর রহমান বিশ্বাস কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জ্যেষ্ঠ প্যানেল মেয়র নির্বাচিত হন। তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সহ-সভাপতি ছিলেন। শৃংখলা ভঙ্গের অভিযোগে ২০১২ সালের ১৮ নভেম্বর যুবদল থেকে আনিস বিশ্বাসকে বহিষ্কার করা হয়। পরে বিএনপির সব দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।