ইতিবাচক ফলের আশা চিগুম্বুরার

 
বাংলাদেশ সফররত জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা বলেছেন, ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বাজে সময়ে ঘুরে দাঁড়ানো। যা হয়েছে, সেসব এখন অতীত। আমাদের পূর্ণ মনোযোগ এখন বাংলাদেশ সিরিজে। সবশেষ সিরিজের চেয়ে উন্নতি করতে হবে আমাদের। ইতিবাচক ফল পেতেই হবে। আমরা চেষ্টা করছি গুছিয়ে উঠে এই সিরিজে মনোযোগ দেয়ার।
 
বাংলাদেশে আসার পর আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে জিম্বাবুয়ে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক এসব কথা বলেন।
 
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর জিম্বাবুয়ে দলের বাইরের থাকা অলরাউন্ডার কেগান মেথ টুইট করেছিলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটের মৃত্যু’। এ প্রসঙ্গে চিগুম্বুরা বলেন, ‘অবশ্যই ব্যাপারটি এমন নয়, আমি তো বরং বলব কেবল শুরু। আমাদের বেশকিছু তরুণ ক্রিকেটার উঠে আসছে। স্রেফ ওদেরকে কিছু ম্যাচ খেলতে দেয়ার ব্যাপার। এক দল তরুণ আছে আমাদের। চাইলে যে কেউ মন্তব্য করতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের সামনে ভবিষ্যত উজ্জ্বল।’
 

৭ নভেম্বর ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ের ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজ।