ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

রকিবুল-শফিউল জেতালেন মোহামেডানকে

স্পোর্টস রিপোর্টার

এক ম্যাচে কত রং। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শফিউল ইসলামের বোলিং তোপে চোখে সর্ষে ফুল দেখার অবস্থা হলো গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটসম্যানদের। পরে ব্যাটিং লাইনের লেজের লড়াইয়ে যে স্কোরটা পেয়েছিল পরিস্থিতি বিবেচনায় সেটি স্বস্তিদায়ক বটে। রোদ চড়া দুপুরে বোলারদের তৈরি করা জয়ের সুবাস নিয়ে রান তাড়া করতে নেমে মোহামেডান কিনা পড়ে গেল খাদের কিনারে।

উল্টো জয়ের রঙ খেলা করছিল গাজী ক্রিকেটার্স শিবিরে। তারপরই আবার চোয়ালবদ্ধ প্রতিরোধ নিয়ে হাজির মোহামেডান। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুললেন অধিনায়ক রকিবুল হাসান। বিকেএসপিতে তাই দুরন্ত লড়াইয়ে শেষ হাসিটা মোহামেডানের।

রকিবুলের ‘ক্যাপ্টেন্স নকে’ ভর করে গতকাল গাজী ক্রিকেটার্সকে তিন উইকেটে পরাজিত করেছে মোহামেডান। অনেক চড়াই-উতরাই থাকলেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরুটা জয় দিয়েই হলো মোহামেডানের। গত কয়েক বছরের মধ্যে এবারই তুলনামূলক ভালো দল গড়েছে ক্লাবটি।

গতকাল টসে হেরে আগে ব্যাট করা গাজী ক্রিকেটার্স ৪৫.২ ওভারে ১৮২ রান সংগ্রহ করেছিল। জবাবে ৪৫.২ ওভারে সাত উইকেটে ১৮৩ রান তুলে ম্যাচ জিতে নেয় মোহামেডান। রকিবুল হাফ সেঞ্চুরি করলেও গাজী ক্রিকেটার্সকে কম রানে আটকে রাখার মূল নায়ক ৩২ রানে পাঁচ উইকেট নিয়ে শফিউল ইসলাম ম্যাচ সেরা হন।

সকালে গাজী ক্রিকেটার্সের টপঅর্ডার রীতিমতো ধসিয়ে দিয়েছেন শফিউল। ২৬ রানে ছয় উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে পড়ে দলটি। ডানহাতি এই পেসারের শিকার হয়ে ফিরেন মেহেদী হাসান (১), রনি তালুকদার (০), শামসুর রহমান (০), পারভেজ রসুল (৬), রায়হান উদ্দিন (২)। অধিনায়ক ইমরুল কায়েস (৭) নাফিদের হাতে ক্যাচ দেন আলাউদ্দিন বাবুর বলে।

সপ্তম উইকেটে ১০১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন তৌহিদ তারেক ও শামসুল ইসলাম। দুজনেই হাফ সেঞ্চুরি করেছেন। তৌহিদ তারেক ৫৬, শামসুল অপরাজিত ৭১ রান করেন। আবু হায়দার রনি ২৬ রান করেন। মোহামেডানের সোহাগ গাজী দুটি উইকেট নেন।  

রান তাড়া করতে নেমে মোহামেডানও বিপর্যয়ের মুখে পড়ে। কামরুল ইসলাম রাব্বি ও রুহেলের তোপে ৮৭ রানে ছয় উইকেট হারায় দলটি। সপ্তম উইকেট সোহাগ গাজীকে নিয়ে ৪৯ রানের জুটিতে বিপর্যয় এড়ান রকিবুল। একপ্রান্ত আগলে খেলেন ম্যাচ জয়ী ইনিংস। অষ্টম উইকেটে আলাউদ্দিন বাবুর সঙ্গেও ৪৭ রানের জুটি গড়েন রকিবুল।

তাদের অবিচ্ছিন্ন জুটিতেই ২৮ বল আগে দুর্দান্ত জয় নিশ্চিত করে মোহামেডান। ১২৪ বলে অপরাজিত ৮২ রানের (৬ চার, ১ ছয়) অনবদ্য ইনিংস খেলেন রকিবুল। আলাউদ্দিন বাবু অপরাজিত ১৪, সোহাগ গাজী ২৯, অভিষেক মিত্র ২৪, আব্দুল মজিদ ১৩ রান করেন। গাজী ক্রিকেটার্সের পক্ষে কামরুল ইসলাম রাব্বি, রুহেল দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

গাজী ক্রিকেটার্স: ৪৫.২ ওভারে ১৮২ (শামসুল ইসলাম ৭১*, তৌহিদ তারেক ৫৬, আবু হায়দার রনি ২৬; শফিউল ৫/৩২, সোহাগ গাজী ২/১৭, আলাউদ্দিন বাবু ১/২২, আশরাফুল ১/২৮)

মোহামেডান: ৪৫.২ ওভারে ১৮৩/৭ (রকিবুল ৮২*, সোহাগ গাজী ২৯, অভিষেক মিত্র ২৪, আলাউদ্দিন বাবু ১৪*, আব্দুল মজিদ ১৩; কামরুল ইসলাম রাব্বি ২/১৯, রুহেল ২/৩২, রায়হান উদ্দিন ১/২৫)

ফল: মোহামেডান তিন উইকেটে জয়ী