নারায়ণগঞ্জ শহরে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহরের খানপুর পোলস্টার ক্লাবের মাঠে ছোট ভাই কামালের দায়ের কোপে বড় ভাই জামাল (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। জামাল পেশায় বাস চালক এবং খানপুরের শামসুল হকের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই কামাল পলাতক।
নিহতের মা আলীমুনেছা বলেন, ‘তার ছোট ছেলে কামাল মানসিক বিকারগ্রস্ত। সন্ধ্যায় কামাল ঘুম থেকে উঠে খাচ্ছিল। এ সময় বড় ছেলে জামাল কামালকে বকাঝকা শুরু করে। এক পর্যায়ে দুই ভাই তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে জামাল দা দিয়ে কামালকে মারতে উদ্যত হয়। এ সময় কামাল দা কেড়ে নিয়ে জামালের বুকে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, জামালকে গ্রেফতারে চেষ্টা চলছে।