লেখক ও প্রকাশকদের কুপিয়ে হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে ডাকা গণজাগরণ মঞ্চের হরতাল কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি চলাকালে সকাল ৭ টার দিকে রাজধানীর ১৫ টি মোড়ে অল্প কয়েকজন পিকেটার দেখা গেলেও হরতাল কর্মসূচি রাজধানীর শাহবাগ মোড়েই সীমাবদ্ধ ছিল। প্রতিদিনের মত গতকাল সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে যান চলাচল করেছে। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্য দিনের তুলনায় কম দেখা গেছে। এদিকে হরতালের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। তারা আগামীকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন নিয়ে মিছিল ও শুক্রবার বিকালে শাহবাগে গণসংহতি সমাবেশ করবে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার গতকাল নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাস্তায় ?অফিসগামী মানুষের ভিড়। বাসে উঠতে রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কর্মব্যস্ত মানুষ। রাজধানীর অন্য সকল রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও সকাল ৭ টা থেকে ১০ পর্যন্ত মত্স্য ভবন থেকে শাহবাগ মোড় হয়ে কাঁটাবন এবং রূপসী বাংলা হোটেল মোড় পর্যন্ত সড়কে খুব একটা যানবাহন চলতে দেখা যায়নি। তবে বেলা ১১ টার পর ওই সড়কেও যানবাহন সমান তালে চলাচল করে।
গণজাগরণ মঞ্চের দেশব্যাপী ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে সকাল ৬টা থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। তবে হরতালে সমর্থন জানালেও গণজাগরণ মঞ্চের কর্মীদের সঙ্গে অন্য সংগঠনের নেতাকর্মীদের খুব একটা দেখা যায়নি। গণজাগরণ মঞ্চের দেশব্যাপী ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে সকাল সাড়ে ৬ টার দিকে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ১০/১২ জনের এই মিছিলটি রাজধানীর শান্তিনগর থেকে শুরু হয়ে মালিবাগ ঘুরে পল্টনের দিকে যায়। সেখানে খুবই সংক্ষিপ্ত একটি সমাবেশ করে তারা।
দুপুরে শাহবাগ মোড় থেকে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের অবস্থান তুলে নেয়ার আগে এক সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার নতুন কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি বলেন, হরতালের কারণে জেএসসি পরীক্ষার সময় পেছানোর জন্য আমি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে সাধারণ জনগণের যে দুর্ভোগ, তার জন্যও দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, এই হরতাল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য। আজ সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল পালন করছে, যা প্রমাণ করছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা ভোরে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা (প্রান্তিক) গেটের সামনে অবস্থান নিলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে এক সংহতি সমাবেশে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তন্ময় ধর বলেন, “আমাদের পিঠ শুধু দেওয়ালেই ঠেকেনি, আজ আমাদের পিঠে চাপাতিও ঠেকেছে। আমরা এ অবস্থার অবসান চাই। আমরা বাধ্য হয়েছি এই কর্মসূচি নিয়ে রাস্তা অবরোধ করতে। আমরা নিরাপত্তার দাবি নিয়ে এখানে এসেছি।”
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় তিন কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়।
চট্টগ্রাম অফিস :চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে গণজাগরণ মঞ্চের কর্মীরা নগরীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করে। হরতালের সমর্থনে নগরীর প্রেস ক্লাব থেকে চেরাগী পাহাড়ে মিছিল যাওয়ার সময় জামালখানে যুদ্ধাপরাধের দায়ে শাস্তিপ্রাপ্ত ও কারারুদ্ধ মীর কাশেম আলীর কেয়ারি ভবনে ইট-পাটকেল নিক্ষেপ ও কাঁচ ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ এ সময় একজনকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়।
হরতাল চলাকালে নগরীর জীবনযাত্রা স্বাভাবিক ছিল। তবে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটিতে শিক্ষা কার্যক্রম চলেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা হরতালের আওতামুক্ত ছিল।