যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম সাগর (২৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার ছোট ভাই নূর ইসলাম (১৮)। মঙ্গলবার দিবাগত রাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি কদমতলী থানার জুরাইন এলাকার মিষ্টির গলি এলাকায়। 
 
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, তাদের চাচাতো বোন শারমিন আক্তার অসুস্থ্ হয়ে ঢাকা মেডিকিল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে দেখার জন্য তারা ঢামেক হাসপাতালে যান। দেখা শেষে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপরে উঠলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নজরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। তার ভাই নূর ইসলাম আহত হন।
 
আহত নূর ইসলামকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নজরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।