নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালক ও অপর আরেক নারী যাত্রীসহ দুইজন। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাছারী বাজারে এ ঘটনা ঘটে। 
 
আহত অটোরিকশার চালক ও অপর নারীকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সড়ক দুর্ঘটনার পর ওই সড়কটি এলাকাবাসী অবরোধ করে রাখে নিহত ও আহত নারীরা উত্তরা ইপিজেডের শ্রমিক। এলাকাবাসী ঘাতক ট্রাকটি (যশোর-ট-১১-২৬৫৭) আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। 
 
নিহতরা হলেন- নীলফামারী জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের সখেরবাজার গ্রামের জালাল উদ্দিনের মেয়ে নাসিমা আক্তার (২৫) ও চড়াইখোলা ইউনিয়নের কিসামত চড়াইখোলা গ্রামের বাবর্দ্দী মাহমুদের মেয়ে কেয়া আক্তার ফাতেমা (২৪)। 
 
অপর দিকে আহতরা হলেন- চড়াইখোলা গ্রামের জামিল আহমেদের স্ত্রী  শামিমা (২৬) ও বাবড়ীঝাড় গ্রামের ছকদ্দি ইসলামের ছেলে ভ্যান চালক রফিকুল ইসলাম (৪০)।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরা ইপিজেডের ওই তিন নারী শ্রমিক ইপিজেডের ফ্যাক্টরি ছুটি হবার পর নিজ নিজ বাড়ি ফিরতে ব্যাটারি চালিত অটোরিকশা করে দারোয়ানী বাজার পর্যন্ত আসছিল। পথে কাছারী বাজারের কাছে কামারপাড়ায় নীলফামারী থেকে সৈয়দপুরগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী ওই দুই নারী নিহত হন। অটোরিকশার চালকসহ অপর আরেক নারী যাত্রী আহত হন। 
 
নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি এলাকাবাসী আটক করলেও চালক পালিয়ে গেছে। রাত সাড়ে ৯টায় সড়কটি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।