বাঁধাকপি একটি সুস্বাদু শীতকালীন সবজি। স্বাদে ও গুণে অতুলনীয় এই সবজিটি অবশ্য এখন বিশেষ পদ্ধতিতে চাষ করার ফলে মোটামুটি সারা বছরই পাওয়া যায়। শীতকালীন বাঁধাকপির স্বাদ তুলনামূলকভাবে অন্য সময়ের বাঁধাকপির চেয়ে বেশি। পুষ্টি বিজ্ঞানীদের মতে, প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে রয়েছে ১ দশমিক ৩ গ্রাম প্রোটিন, ৪ দশমিক ৭ গ্রাম শর্করা, ০ দশমিক ০৬ মিলিগ্রাম ভিটামিন বি১, ০ দশমিক ০৫ মিলিগ্রাম ভিটামিন বি২ ও ৬০ মিলিগ্রাম ভিটামিন সি। এছাড়া প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে ৩১ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০ দশমিক ৮ মিলিগ্রাম লৌহ, ৬০০ মাক্রোগ্রাম ক্যারোটিন ও ২৬ কিলোক্যালোরী খাদ্যশক্তি থাকে। এবার দেখে নেয়া যাক, শীতের এই অনন্য স্বাদ ও পুষ্টির উৎস বাঁধাকপির কিছু স্বাস্থ্য উপকারিতা।
১. এক কাপ রান্না করা বাঁধাকপিতে ক্যালোরির থাকে মাত্র ৩৩, এটি উচ্চ ফাইবার ও নিম্ন কোলেস্টেরল যুক্ত একটি সবজি। তাই যারা শরীরের ওজন কমাতে চান বা অতিরিক্ত ওজন জনিত সমস্যায় ভুগে থাকেন তারা নিয়মিত রান্না করা বাঁধাকপি বা বাঁধাকপির সালাদ খেলে আপনার শরীরের ওজন কমবে।
২. বাঁধাকপি প্রচুর পরিমাণে ভিটামিন কে ও anthocyanins এ ভরপুর যা কিনা আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। এটি আমাদের মনোযোগ শক্তি ও স্মরণশক্তি বাড়াতে সাহায্য করে। মস্তিষ্কের সুষ্ঠু বিকাশ সাধনে বাঁধাকপির কোনো তুলনা হয় না।
৩. বাঁধাকপির প্রায় সমস্ত অংশটা জুড়ে আছে বিশাল পরিমাণ সালফার ও মিনারেল। যা আমাদের ত্বক, চুল ও নখ এর বিশেষ যত্ন নিতে সাহায্য করে। শীতে ত্বক সুন্দর ও সুস্থ রাখতে বাঁধাকপি খাবারের তালিকায় রাখতে ভুলবেন না।
৪. বাঁধাকপির পটাশিয়াম উপাদান ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। যারা উচ্চরক্ত চাপ জনিত সমস্যায় ভুগে থাকেন তারা নির্দ্বিধায় বাঁধাকপি খেতে পারেন।
৫. যারা প্রতিনিয়ত মাথা ব্যথায় ভুগে থাকেন, তারা যদি কাঁচা বাঁধাকপির জুস বানিয়ে পান করেন মাথা ব্যথায় আরাম পাবেন। অথবা বাঁধাকপি থেঁতলে কাপড়ে বেঁধে কপালে ধরতে পারেন।
৬. যারা আলসারের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত বাঁধাকপি খাওয়ার অভ্যাস করুন। গবেষণায় দেখা গিয়েছে যে, বাঁধাকপি আলসার প্রতিরোধ করে। পাকস্থলির আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে বাঁধাকপির জুড়ি নেই। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে, বাঁধাকপির রস আলসারের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক ওষুধ।
৭. আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিজেকে সুস্থ্ রাখতে চান তাহলে প্রতিদিনের খাবার তালিকায় বাঁধাকপি যোগ করুন।গবেষণায় দেখা গেছে যে, যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
৮. বাঁধাকপিতে থাকা ভিটামিনগুলো শরীরের রক্তনালিগুলোকে সবল ও শক্তিশালী রাখে। এ জন্য মুখে বয়সের ছাপ পড়ে খুব ধীরে।