দোলেশ্বরের বড় জয়

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি টুর্নামেন্টে রানার্সআপ হলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মূল আসরে ভালো শুরু পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বড় জয়ে লিগ শুরু করলো ক্লাবটি। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে নয় উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।

প্রথমে ব্যাট করে ৪৭.১ ওভারে ১৭৫ রানে অলআউট হয়েছিল শাইনপুকুর। জবাবে ৪৩.৪ ওভারে এক উইকেটে ১৭৬ রান তুলে ম্যাচ জিতে নেয় প্রাইম দোলেশ্বর। অপরাজিত ৮৩ রান করা দোলেশ্বরের সাইফ হাসান ম্যাচ সেরা হন।

দোলেশ্বরের বোলিং তোপে আগে ব্যাট করা শাইনপুকুর সুবিধা করতে পারেনি। ৫৯ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসেছিল দলটি। আট নম্বরে নেমে ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেছেন দেলোয়ার হোসেন। এছাড়া তৌহিদ হূদয় ৩৩, সাব্বির হোসেন ৩১, ধীমান ঘোষ ২৪, টিপু সুলতান ১৪, আফিফ ১৩ রান করেন। দোলেশ্বরের ফরহাদ রেজা তিনটি, আরাফাত সানি দুটি করে উইকেট পান।

শাইনপুকুরের দেয়া টার্গেটটা অনায়াসেই পাড়ি দিয়েছে প্রাইম দোলেশ্বর। দলীয় ৫৭ রানে সৈকত আলী বিদায় নিলেও সাইফ হাসান-ফরহাদ হোসেনের জোড়া হাফ সেঞ্চুরিতে জয় নিশ্চিত করে দোলেশ্বর। ১১৯ রানের জুটি গড়েন তারা। সাইফ হাসান অপরাজিত ৮৩, ফরহাদ হোসেন অপরাজিত ৬৬ রান করেন। শাইনপুকুরের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ।  

সংক্ষিপ্ত স্কোর

শাইনপুকুর: ৪৭.১ ওভারে ১৭৫ (দেলোয়ার ৪০, তৌহিদ হূদয় ৩৩, সাব্বির হোসেন ৩১, ধীমান ঘোষ ২৪, টিপু সুলতান ১৪, আফিফ ১৩; ফরহাদ রেজা ৩/৩২, আরাফাত সানি ২/৩১, মাহমুদুল হাসান ১/১৮, এনামুল জুনিয়র ১/৩৬)

প্রাইম দোলেশ্বর: ৪৩.৪ ওভারে ১৭৬/১ (সাইফ হাসান ৮৩*, ফরহাদ হোসেন ৬৬*, সৈকত আলী ২৩; সোহরাওয়ার্দী শুভ ১/১৮)

ফল: প্রাইম দোলেশ্বর ৯ উইকেটে জয়ী