গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মোর্শেদা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের বালাসিঘাট-হারুডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ মোর্শেদা গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে ও একটি এনজিও পরিচালিত হারুডাঙ্গা উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
ফজলুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল জানান, সকালে ২০/২৫ জন শিক্ষার্থী ও যাত্রী নিয়ে একটি নৌকা সাপকাটা চড় থেকে হারুডাঙ্গা যাচ্ছিল। নৌকাটি হারুডাঙ্গা এলাকার কাছাকাছি গিয়ে ডুবে যায়। এসময় নৌকার অন্যান্য শিক্ষার্থী ও যাত্রীরা সাঁতারকেটে এবং স্থানীয়দের সহায়তায় রক্ষা পেলেও নিখোঁজ হয় মোরশেদা।
তিনি আরো জানান, দুপুর দুইটা পর্যন্ত মোর্শেদার কোন সন্ধান মেলেনি। এখনো তল্লাশি অব্যাহত রয়েছে।