অলরাউন্ড আরিফুলে প্রাইম ব্যাংকের জয়

স্পোর্টস রিপোর্টার

দল হিসেবে শক্তিমত্তায় নিশ্চিতভাবেই খেলাঘর সমাজ কল্যাণ সমিতির চেয়ে এগিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর স্টেডিয়ামে গতকাল অপেক্ষাকৃত কম শক্তিধর খেলাঘর ভালোই পরীক্ষা নিয়েছে প্রাইম ব্যাংকের। আরিফুল হকের অলরাউন্ড নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছেড়েছে এনামুল হক বিজয়ের দল। গতকাল খেলাঘরকে দুই উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক।

প্রথমে ব্যাট করে ৪৬.৫ ওভারে ১৯৫ রানে অলআউট হয়েছে খেলাঘর। এ টার্গেট পাড়ি দিতেই ৪৭ ওভার পর্যন্ত খেলতে হয়েছে প্রাইম ব্যাংককে। আট উইকেটে ১৯৬ রান তুলে ম্যাচ জিতে নেয় প্রাইম ব্যাংক। অলরাউন্ডার আরিফুল ম্যাচ সেরা হন।

মিরপুরের উইকেটে সকালে ব্যাটিং করা সব সময় কঠিন। গতকাল টসে হেরে ব্যাট করা খেলাঘর শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ১৩১ রানে ছয় ব্যাটসম্যান সাজঘরে ফিরেন। কয়েকজন ব্যাটসম্যান শুরুটা ভালো করেছেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। দলের পক্ষে অমিত মজুমদার ৩৬, অশোক মেনারিয়া ৩৫, নাজিমউদ্দিন ২৯, মোসাদ্দেক ইফতেখার ১৯, মাসুম খান ১৭, রবিউল ইসলাম রবি ১৬, রবিউল হক অপরাজিত ১৪ রান করেন। প্রাইম ব্যাংকের আরিফুল হক চারটি, অলক কাপালি তিনটি উইকেট পান।

উইকেটে বোলারদের জন্য সাহায্য ছিল বলেই জানিয়েছেন আরিফুল। গতকাল ম্যাচ শেষে উইকেট নিয়ে তিনি বলেছেন, ‘সকালের দিকে শুধু না, পুরো দিনটাই আজকে (গতকাল) সুন্দর সাহায্য ছিল। বল লাফ দিচ্ছিল। আর সকালের দিকে উইকেটে ময়েশ্চার থাকলে একটু সুইং করে।’

মিডিয়াম পেস বোলিংয়েই চার উইকেট নিয়েছেন আরিফুল। বোলিং নিয়ে কোচ সরোয়ার ইমরানের সঙ্গে কাজও করছেন তিনি। পরে ব্যাটিংয়েও দলের জয়ে অবদান রেখেছেন এ অলরাউন্ডার।

রান তাড়া করতে নেমে ৬২ রানের ওপেনিং জুটির পরও বিপদে পড়ে গিয়েছিল প্রাইম ব্যাংক। ১৩২ রানে ছয় উইকেট হারানো দলকে জয়ের পথে এগিয়ে নেন আরিফুল, নাহিদুল। সপ্তম উইকেটে ৪৯ রানের জুটি গড়েন তারা। রুবেল মিয়া ৪৬, বিজয় ৩৭, আরিফুল অপরাজিত ৩২, নাহিদুল ৩১ রান করেন। খেলাঘরের ইরফান হোসেন তিনটি, রবিউল হক দুটি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

খেলাঘর: ৪৬.৫ ওভারে ১৯৫ (অমিত মজুমদার ৩৬, অশোক মেনারিয়া ৩৫, নাজিমউদ্দিন ২৯, মোসাদ্দেক ইফতেখার ১৯, মাসুম খান ১৭, রবিউল ইসলাম রবি ১৬, রবিউল হক ১৪*; আরিফুল হক ৪/২৪, অলক কাপালি ৩/২০, আল-আমিন হোসেন ১/২৭, রাজ্জাক ১/২৮)।

প্রাইম ব্যাংক: ৪৭ ওভারে ১৯৬/৮ (রুবেল মিয়া ৪৬, বিজয় ৩৭, আরিফুল ৩২*, নাহিদুল ৩১, সুদীপ চ্যাটার্জি ১৪, আল-আমিন ১২; ইরফান হোসেন ৩/৪০, রবিউল হক ২/৪০, রবিউল ইসলাম রবি ১/১৬, মোসাদ্দেক ইফতেখার ১/২১, মাসুম খান ১/২৬)।

ফল: প্রাইম ব্যাংক দুই উইকেটে জয়।