সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১১

 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বাছহাটী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার এক সংঘর্ষে আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত ও নারীসহ ১১ জন আহত হয়েছে। এঘটনায় পুলিশ ৩ মহিলাসহ ৮ জনকে আটক করেছে।
 
নিহত আব্দুর রশিদ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটী গ্রামের মৃত কেফায়েত উল্ল্যার ছেলে। আহতদের মধ্যে ধলু মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আলতা বেগম, রেজাউল করিম, সুফিয়া বেগম, আংগুর মিয়া, সুজনসহ বাকীদেরকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
আটককৃতরা হলেন, আব্দুর রহমান (৬৫), এনামুল হক (২৬) আলম মিয়া (২৭), রেজাউল করিম (৪২), নুরুজ্জামান (৬৫) সহ ৩ মহিলা।
 
সুন্দরগঞ্জ থানার ওসি মো. ইসরাইল হোসেন জানান, উপজেলার হুড়াভায়াখাঁ গ্রামের ধলু মিয়ার সাথে পূর্ব বাছহাটী গ্রামের আব্দুর রহমানের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধপুর্ন জমির মামলার শুনানির নির্ধারিত দিন গতকাল বুধবার আদালতে উপস্থিত হওয়ার জন্য বুধবার সকালে ধলু মিয়ার পক্ষে আব্দুর রশিদ মোটরসাইকেলযোগে গাইবান্ধা রওনা হন। পথে পূর্ব বাছহাটী গ্রামে আব্দুর রহমান ও তার লোকজন তাকে আটক করে এলোপাতারি মারপিট করতে থাকে। খবর পেয়ে ধলু মিয়া লোকজন নিয়ে ঘটনাস্থলে আসলে আব্দুর রহমান ও তার লোকজন তাদের উপর হামলা চালায়। এতে ১১ জন আহত হয়। এদের মধ্যে ধলু মিয়া ও আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে আব্দুর রশিদ মারা যান।
 
তিনি আরো জানান, নিহত আবদুর রশিদের ময়নাতদন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হবে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। আবদুর রশিদের পরিবারের পক্ষে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।