রামদায় শাণ দেয়া দুই ছাত্রলীগ কর্মী বহিষ্কার

 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় রামদায় শাণ দেয়া দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর নির্বাহী ক্ষমতা বলে এই দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন।
 
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শ্রাবণ মিজান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা। তাঁরা দুজন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর সমর্থক বলে পরিচিত।
 
গত সোমবার সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল আবাসিক হলের তৃতীয় তলার বারান্দায় দুজনকে রামদায় শাণ দিতে দেখা যায়। রামদায় শাণ দেয়ার এই ছবি গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
 
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী পক্টর হেলাল উদ্দিন বলেন, ‘ওদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আর কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর জন্যও তাদেরকে চিঠি পাঠানো হয়েছে।’