স্পোর্টস রিপোর্টার
এক বছর জাতীয় সাঁতার হয়নি। কি কারণে হয়নি তারও কোনো সঠিক জবাব নেই। এক বছর সাঁতার না হলে অনেক বড় ক্ষতি হয়। কারণ সাঁতার এমন একটি খেলা যেটা নিয়মিত না হলে সাঁতারু হারিয়ে যায়। তারপরও ভালো খবর হচ্ছে আজ জাতীয় সাঁতার শুরু হবে। মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চারদিনের এই ২৯তম জাতীয় সাঁতারে আরও একটি ভালো খবর আছে। এবার ইলেকট্রনিক স্কোর বোর্ড স্থাপন করা হয়েছে। অনেক দিনের চাওয়া ছিল ইলেকট্রনিক স্কোর বোর্ড। সুইমিং ফেডারেশনের সহসভাপতি রফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সেলিম মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা জানিয়েছেন নানা তথ্য। গতকাল বিকালে বিওএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান মিরপুরের ডাইভিং ইভেন্ট এবারো এখানে হবে না। ডাইভিং পুল নতুন করে ভেঙে গড়ে তোলার কাজ শুরু হবে। বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা, সার্ভিসেস, বিকেএসপি, বিশ্ববিদ্যালয় এবং সুইমিং ক্লাবসহ ৭৪টি দলের ৩৩৪ জন ছেলে, ৮৬ জন মেয়ে অংশগ্রহণ করবে।