সদরের উত্তর কান্দি গ্রামে লাউ চাষ করে সফলতা পেয়েছেন কৃষক ওসমান আলী মন্ডল। তিনি এখন এলাকায় লাউ চাষী হিসেবে পরিচিত। জয়পুরহাট সদরের দূর্গাদহ বাজার এলাকার উত্তর-কান্দি গ্রামের ওসমান আলী মন্ডল (৪৫) নিজের ১৮ শতাংশ জমিতে এবার লাউ চাষ করে ভাল ফলন পেয়েছেন। লাউ চাষে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ পড়লেও ইতোমধ্যে ১৫ হাজার টাকা বিক্রি করেছেন। এ মাসে আরও ২০ হাজার টাকার লাউ বিক্রি করবেন বলে আশা করেছেন তিনি।
লাউ চাষে খরচ কম হওয়ায় লাভ বেশী থাকে। ১৫ সেপ্টেম্বর থেকে নভেম্বর আড়াই মাসের ফসল লাউ চাষ করে ২৫/৩০ হাজার টাকা আয় হয়ে থাকে। লাউ চাষে সফল ওসমান আলী সংসারের খরচ চালানোর পরেও ২ বিঘা জমি বর্গা নিয়েছেন। লাউ চাষ করার পর আবার সেই জমিতে স্বল্প মেয়াদী ফসল হিসেবে করলাও চাষ করে থাকেন তিনি।
ওসমান আলী লাউ চাষ করে সাবলম্বি হওয়ার কথা জানিয়ে বলেন, ১৮ শতাংশ লাউয়ের জমি থেকে প্রতি দিন কমপক্ষে ২০ টি লাউ বিক্রির জন্য তোলা হয়। পাইকারী হিসেবে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। আরও দেড় মাস লাউ বিক্রি চলবে এবং ভাল দাম পেয়ে খুশি বলে জানান তিনি। স্বল্প মেয়াদী ফসল চাষ করার আয় দিয়েই সংসারের অভাব দুর করেছেন ওসমান আলী। লাউ চাষে সফলতা দেখে প্রতিবেশী বিপ্লব ১০ শতাংশ, মাহমুদ ও মিজানুরও তাদের ১০ শতাংশ জমিতে এবার লাউ চাষ করেছেন বলে জানান। জেলায় এবার ১শ ২৫ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এ জেডএম ছাব্বির ইবনে জাহান।