দীর্ঘ ১৮ বছর কারাভোগের পর চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাট জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে মোংলা পৌরসভার কুমারখালী এলাকার নিজ বাড়িতে পাঠানো হয়।
এর আগে এদিন দুপুর ২টা ২৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বাদলকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয় এবং দীর্ঘ দাপ্তরিক কার্যক্রম শেষে তাকে মোংলার উদ্দেশে পাঠানো হয়। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষায় পথ চেয়ে আছেন তার বৃদ্ধ মা শিফালী বেগম।
মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা বাদল ফরাজী ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পর্যটক ভিসায় ভারতের আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ‘বাদল সিং’ নামের এক ব্যক্তির বিরুদ্ধে থাকা হত্যা মামলায় নামের মিল থাকার কারণে তাকে আটক করা হয়। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, কেবল নামের মিলের কারণেই নির্দোষ বাদল ফরাজীকে ভুলভাবে ওই মামলায় জড়ানো হয়েছিল।
পরবর্তী সময়ে ভারতীয় আদালতে সাজাপ্রাপ্ত হয়ে দেশটির কারাগারে ১০ বছর কাটান বাদল। পরে বন্দি স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার পর বাংলাদেশের কারাগারেও তাকে আরও আট বছর বন্দিজীবন কাটাতে হয়। এই সময়ে ভারতের দিল্লি হাইকোর্টে বাদলের আইনজীবীরা তার প্যারোলের অনুমতির জন্য আবেদন করলে আদালতের নির্দেশনার পর বাংলাদেশে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম প্যারোলের আবেদন করলে মায়ের অসুস্থতা ও মানবিক দিক বিবেচনায় আদালত তাকে চার সপ্তাহের জন্য মুক্তির আদেশ দেন।
তবে প্যারোলে মুক্তির খবরে স্বস্তির পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভও রয়েছে। বাদলের বড় বোন আকলিকা বেগম জানান, ভাইয়ের মুক্তির বিষয়ে পরিবারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, কেবল মঙ্গলবার সকালে পুলিশ বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়ে কী লাভ—এমন প্রশ্ন তুলে পরিবারের পক্ষ থেকে বাদলের স্থায়ী মুক্তির দাবি জানানো হয়েছে।
পাঁচ ভাইবোনের (তিন বোন ও দুই ভাই) মধ্যে বাদল দ্বিতীয়। দীর্ঘদিন কারাগারে থাকায় স্বজনদের সঙ্গে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাননি তিনি; এমনকি তার বন্দিদশাতেই বাবার মৃত্যু হয়। এখন বৃদ্ধ মা শিফালী বেগম ছেলের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন।
বাদল ফরাজীর শিক্ষাপ্রতিষ্ঠান মোংলার সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মোহাম্মদ জিয়াদ হোসাইন বলেন, ভারতে যাওয়ার আগে বাদল অষ্টম শ্রেণির অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও ভালো ছিল। তার জানামতে বাদল কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল না উল্লেখ করে সাবেক এই শিক্ষার্থীর সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। স্থানীয়দেরও দাবি, নামের সামান্য ভুলের কারণে নির্দোষ হয়েও জীবনের গুরুত্বপূর্ণ ১৮টি বছর হারিয়েছেন বাদল; তাই আইনি জটিলতার স্থায়ী সমাধান করে তাকে মায়ের কাছে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেওয়া উচিত।
এ বিষয়ে বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আবু সাদ্দাত বলেন, প্যারোলে মুক্তির দাপ্তরিক কাজ শেষে বাদলকে মোংলার উদ্দেশে পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময়ে তিনি যেন প্যারোলের নীতিমালা মেনে চলেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বাদলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি যেন প্যারোলের সব নিয়মকানুন মেনে চলেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাদল ফরাজীর স্থায়ী মুক্তির বিষয়ে মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলেও জানান জেলা প্রশাসক।
