বকশীগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

জামালপুর জেলার বকশীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে জানায় পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা সাইদ মাস্টারের সঙ্গে একই গ্রামের আজমলের দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
 
তার জের ধরে উভয় পক্ষের মধ্যে জমি সংক্রন্ত ৭টি মামলা চলে আসছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সাইদ মাষ্টারের লোকজন ধান কাটতে গেলে আজমলের লোকজন বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আজমল ও তার ছোট ভাই ছক্কু মিয়াকে পিটুনি দিয়ে মারাত্বক আহত করে ধরে বেঁধে রাখে।
 
পুলিশ তৎক্ষনিক খবর পেয়ে, দ্রুত ঘটনাস্থলে পৌছে আজমল ও ছুক্কুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অপর দিকে আজমলের লোকজন একত্রিত হয়ে আবারও সাইদ মাষ্টারের ছোটভাই মোতালেবকে ধরে নিয়ে বেধড়ক পিটুনি দিয়ে আহত করে। 
এ সময় পুলিশ উভয় পক্ষ নিয়ন্ত্রণে আনতে ৮রাউন্ড ফাঁকা গুলি করে। ঘটনাস্থল থেকে মোতালেবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে মোতালেবের অবস্থা আশংকজনক। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮রাউন্ড ফাঁকা গুলি করতে হয়েছে।' সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।