ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কাশিবাড়ি আমবাগান গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ আলী (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকালে আহত হন তিনি। এ অবস্থায় রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।মোহাম্মদ আলী ওই গ্রামের লোকমান আলীর ছেলে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আলীর সঙ্গে তার খালাতো ভাই জাহেরুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে বুধবার বিকাল ৫টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলীকে পিটিয়ে আহত করেন জাহেরুল। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।