নিজের সর্বোচ্চ ফর্মে আছেন নেইমার

 
বর্তমানে নিজের সর্বোচ্চ ফর্মে আছেন নেইমার। লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সেলোনার প্রতি ম্যাচেই জ্বলে উঠছেন তিনি। দলের শেষ ম্যাচে বাতে বরিসভের জালে জোড়া গোল করে আবারো জানান দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বাতে বরিসভের বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পর ৮৩ তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি করেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতা মিলে গত ছয় ম্যাচে তার গোল হলো আটটি। বুধবার রাতে বার্সেলোনার ৩-০ ব্যবধানের জয়ে সুয়ারেসের গোলটিতেও অবদান ছিল নেইমারের। ম্যাচ শেষে নেইমার দারুণ এই ফর্ম ধরে রাখার প্রত্যাশার কথা জানান, 'আমরা লিওর অভাব বোধ করছি কারণ সেই সেরা। কিন্তু আমি ভালো ছন্দে আছি এবং আশা করি, এভাবে খেলে যেতে পারব।'
 
ম্যাচের ফল নিয়ে সন্তুষ্টির কথাও জানালেন নেইমার, 'আমরা তিনটি গোল করেছি, এটা এমন কিছু যা আমাদের দরকার ছিল।' এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বার্সেলোনার ‘ই’ গ্রুপ থেকে নক আউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত হয়ে গেছে। দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৫। বিডি নিউজ।