কাঁচাপাট রফতানি বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি বিজিএ’র

বৈদেশিক মুদ্রা অর্জন ও আর্থিক ক্ষতির হাত থেকে পাটের বাজার বাঁচাতে কাঁচাপাট রফতানি বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজিএ)। প্রসঙ্গত, সরকার মঙ্গলবার থেকে টানা এক মাস পাট রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়।
 
বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কাঁচাপাট রফতানিকারক ও পাট ব্যবসায়ীরা এ দাবি জানান।
 
এতে বিজিএ’র নেতা প্রবীণ পাট রফতানিকারক আলহাজ আব্দুল মান্নান বলেন, ‘সরকারের এ সিদ্ধান্তের পর রফতানি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত প্রেস হাউসগুলোও বন্ধ হয়ে গেছে। এ কারণে হাউসগুলোতে কর্মরত লক্ষাধিক শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের লোকজন বেকার হয়ে পড়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।’
 
এতে অন্যান্যের মধ্যে বিজেএ নেতা শেখ সৈয়দ আলী, আব্দুস সোবাহান শরীফ, সিরাজুল ইসলাম মোল্লা, টিপু সুলতান ও এসএম হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।