খুলনা-মংলা রেললাইন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার মালিকরা এখনও তাদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্থ বুঝে পাননি।
বৃহস্পতিবার ওই সব জমি ও স্থাপনা মালিকরা খুলনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অবিলম্বে ক্ষতিপূরণের অর্থ প্রদানের দাবি করেন।
এতে ক্ষতিগ্রস্ত মালিকদের পক্ষে শেখ আবিদ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে বলা হয়,, জেলায় এখনও কেউই ক্ষতিপূরণের অর্থ পায়নি। যে কারণে জমি ও ঘরবাড়ি হারিয়ে ভূমি মালিকদের পথে বসার উপক্রম হয়েছে। কারণ হিসেবে তারা জেলা প্রশাসনের খামখেয়ালীপনা ও উদাসীনতাকে দায়ী করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৩১ মে জেলা প্রশাসনের এলএ শাখা থেকে অধিগ্রহণকৃত জমি মালিকদের নোটিশ প্রদান করা হয়। এর আগে অধিগ্রহণ সম্পর্কে জমির মালিকরা কিছুই জানতেন না। নিয়মানুযায়ী নোটিশ জারির ১৫ দিনের মধ্যে আপত্তিও দাখিল করেন তারা। ১৫ দিনের মধ্যে শুনানি করে আপত্তি নিষ্পত্তির কথা থাকলেও তা করা হয়নি।
জমি, স্থাপনা, ব্যবসা-প্রতিষ্ঠান ও গাছ-পালার ন্যায্য মূল্য না দেয়া হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।