পলাশবাড়ীতে সিগারেটের প্রচারণা দায়ে ২ যুবকের জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ীতে সিগারেটের প্রচারণার দায়ে ২ যুবকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ জরিমানা আদায় করেন।

জরিমানা প্রদানকারীরা হলেন- আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি পলাশবাড়ী উপজেলা সদরের বাড়াইপাড়া গ্রামের বকুল খানের ছেলে আবেদ মিয়া (২৭) ও একই উপজেলার জামালপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে মানিক সরকার (২৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সিগারেটের প্রচার-প্রচারণা আইনত দণ্ডনীয় অপরাধ। দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে ওই দুই ব্যক্তি আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির ম্যারিচ সিগারেটের প্রচারণার উদ্দেশ্যে সিগারেটের প্যাকেট দিয়ে বিভিন্ন ডিজাইনের আকষর্ণীয় বক্স তৈরী করছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিগারেটের প্যাকেট দিয়ে তৈরী আকষর্ণীয় বক্সগুলি ভূমি অফিস চত্বরেই আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি।