পাঁচবিবিতে চোরাচালানীদের হামলায় বিজিবি সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকায় চোরাচালানীদের সঙ্গে সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন।
 
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় একদল বিজিবি ওই এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় সীমান্ত এলাকা থেকে পাঁচবিবিগামী একটি মোটরসাইকেলকে বিজিবি সদস্যরা থামার সঙ্কেত দেয়। মোটরসাইকেলটি এ সময় সঙ্কেত না মেনে মোটরসাইকেলটি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মেম্বার মিজানুর রহমানের মিনুর ওই এলাকার বাড়িতে ঢুকে যায়। বিজিবি সদস্যরা এ সময় ঐ বাড়িতে অভিযানে গেলে মিজানুর রহমান ও ওই মোটরসাইকেল আরোহীসহ বাড়ির সদস্যরা বিজিবি সদস্যের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় রাসেল আহম্মেদ (৩৫) নামে এক বিজিবি সদস্য মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবীর সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।