টাকা কুড়াতে গিয়ে টাকার ব্যাগ গায়েব

মাত্র ৪০০ টাকা রাস্তা থেকে কুড়াতে গিয়ে এক ধান ব্যবসায়ীর দুই লাখ ৪০ হাজার টাকা খোয়া গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার শিকার সিরাজুল ইসলাম সৈয়দপুরের অদূরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি কাঠালিপাড়া এলাকার বাসিন্দা।
 
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শহীদ ডা. জিকরুল হক রোডে অবস্থিত জনতা ব্যাংক সৈয়দপুর শাখা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, ওই ধান ব্যবসায়ী সৈয়দপুর জনতা ব্যাংক থেকে এক লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলনের অর্থের সঙ্গে বাড়ি থেকে নিয়ে আসা আরো এক লাখ ১০ হাজার টাকা একত্র করে একটি ব্যাগের ভিতর রেখে তিনি মোটরসাইকেলের হ্যান্ডেলে ব্যাগটি বেঁধে রাখেন। এ সময় চার শ টাকা রাস্তায় পড়ে গেছে বলে অপরিচিত এক ব্যক্তির কথায় তিনি ওই টাকা রাস্তা থেকে উঠানোর পর দেখতে পান মোটরসাইকেলে রাখা টাকার ব্যাগটি নেই। অপরিচিত ওই লোকটি ঘটনাস্থলে নেই।
 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল হক বলেন, ‘ওই ব্যবসায়ীকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।’