মাদক মামলায় আদালতের ২ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৫ জনকে আটক করেছে মেহেরপুর পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ জেলার তিনটি উপজেলার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকদের মধ্যে জিআর মামলার ৬ জন, সিআর মামলার ৪ জন, নিয়মিত মামলার ৩ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন আসামি রয়েছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি এই উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাফফর হোসেনকে (৩৮) আটক করা হয়েছে। মোজাফফর হোসেন জিআর ১৭২/০৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া রাতের বিভিন্ন সময়ে আলাদা আলাদা অভিযান চালিয়ে জিআর মামলার ৫ জন ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ২ জনকে আটক করা হয়েছে।
এদিকে সদর থানার ওসি আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের টিম সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার ৬ জনকে আটক করেছে।
মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত একজনকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।